২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর পথে মালয়েশিয়ায় পাচারকালে ৫৫ জনকে উদ্ধার, আটক ৫

কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 10:46 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

সাগর পথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। পরে বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের তিনটি দল বিশেষ অভিযান শুরু করে। 

অভিযানে সাগরে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেওয়া হয়। তখন সংকেত অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করে। 

পরে ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়। এ সময় ৫ ‘মানবপাচারকারীকে’ আটক করা হয় বলে কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা জানান।

তিনি বলেন, উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনে চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।