২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাসুয়ার কোপে প্রাণ গেল চাচার

পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীতে বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাসুয়ার কোপে প্রাণ গেল চাচার
রাজশাহীর পবা থানা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 07:58 PM

Updated : 16 Sep 2026, 01:01 PM

রাজশাহীর পবা উপজেলায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাসুয়ার আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই ও ভাতিজা।

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়গাছী ইউনিয়নের দাঁদপুর বাগিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পবা থানার ওসি আব্দুল মতিন।

নিহতের নাম মো. ইদ্রিস আলী (৫০)। আহতরা হলেন- ওই এলাকার আবু বকর সিদ্দিক ও তার ছেলে মো. আলফাজ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জমিতে কাজ করছিলেন আবু বকর সিদ্দিক ও তার ছেলে আলফাজ। এ সময় আলফাজ বিড়ি ধরালে ছেলেকে বকাঝকা করেন আবু বকর। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা আক্তার ও মেরাজ ঝগড়া থামিয়ে তাদের বাড়িতে চলে যেতে বলেন। কিছুক্ষণ পর আবার বাবা-ছেলের মধ্যে মারামারি শুরু হলে ইদ্রিস আলী তাদের থামাতে এগিয়ে যান। তখন আলফাজের হাতে থাকা হাসুয়ার আঘাতে আবু বকর ও ইদ্রিস গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন বলেন, “আমি তাদের ঝগড়া থামিয়ে বাড়িতে চলে যেতে বলেছিলাম। পরে আবার মারামারি শুরু হলে ইদ্রিস চাচা থামাতে এগিয়ে যান। তখনই হাসুয়ার আঘাতে তিনি মাটিতে পড়ে যান।”

পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিসকে মৃত ঘোষণা করেন।

আক্তার বলেন, রোববার আলফাজ নারী ও শিশু নির্যাতন মামলায় জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বাড়ি ফেরেন। তিনি মাদকাসক্ত ছিলেন।

ওসি আব্দুল মতিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।