গাজীপুরে বৈদ্যুতিক খুঁটিতে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের
ঘুমের ঘোরে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেন বলে ধারণা ফায়ার সার্ভিসের।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলসাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম।
নিহত মুক্তাদির (৩২) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চইলা রামপুর এলাকার হাসেন আলীর ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাতে পিকআপে ডাব বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দেন মুক্তাদির। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে পিকআপটি আটকে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মুক্তাদির মারা যান।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ফায়ার সার্ভিসের শাহিন আলম জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রথমে পিকআপ থেকে ডাব আনলোড করা হয়। পরে একটি ট্রাকের সহায়তায় পিকআপটি টেনে উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, ঘুমের ঘোরে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেন বলে জানান তিনি।
