গাজীপুরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনারকে বরখাস্তের আদেশ প্রত্যাহার
তার বরখাস্তের সময়টুকু কর্তব্যকাল হিসেবে গণ্য হবে; তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পাবেন।
গাজীপুরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিসানুল হককে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন বলা হয়েছে, বতর্মানে সাময়িক বরখাস্ত গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিসানুল হকের বরখাস্তের আদেশটি প্রত্যাহার করা হল।
তার বরখাস্তের সময়টুকু কর্তব্যকাল হিসেবে গণ্য হবে; তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পাবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, “রাষ্ট্রপতির আদেশক্রমে তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার তার কাজে যোগ দেওয়ার কথা।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার জাতীয় পরিচয়পত্রসহ স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গত ১৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো এক চিঠিতে জিসানুল হককে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করে পুলিশ হেড কোয়ার্টার্স।
