১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৮ ঘণ্টার চেষ্টায় রক্ষা পেল ‘দেখার হাওরের’ বাঁধ

এই হাওরে সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার কৃষকরা বোরো চাষ করেছেন।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 10:26 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

শত শত কৃষকের আপ্রাণ চেষ্টায় রক্ষা পেয়েছে সুনামগঞ্জের ‘দেখার হাওরের’ গুজাউনি ফসলরক্ষা বাঁধ।

শনিবার সকাল থেকে টানা আট ঘণ্টা পরিশ্রম করে বাঁশ, বস্তা ফেলে বাঁধটি রক্ষা করেছেন কৃষকরা। এই হাওরে সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার কৃষকরা বোরো চাষ করেছেন। 

কৃষকরা বলেন, ভোরে গুজাউনি বাঁধটি ভেঙে ‘দেখার হাওরের’ গোবিন্দপুর অংশে পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে পানির প্রবাহ বাড়তে থাকে। খবর পেয়ে কৃষকরা বাঁধ রক্ষার কাজ শুরু করেন। 

সকাল ১০টা থেকে কৃষকরা বাঁধ রক্ষার কাজ শুরু করেন। বিকাল ৫টার পর বাঁধ মেরামতের কাজ শেষ হয়। তবে এখনো বাঁধটি ঝুঁকিমুক্ত নন বলে কৃষকরা জানান।

গোবিন্দপুরের ইউপি সদস্য মহিনুর মিয়া বলেন, “গুজাউনি বাঁধ ভাঙলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাই নিজেদের ফসল রক্ষায় এলাকার মানুষ বাঁধে কাজ করেছেন। গুজাউনি বিলের ইজারাদার মাছ আহরণ করার পর বাঁধে মাটি না ফেলায় বড়দই বিল ও গুজাউনি বিলসহ নদীর পানির চাপে বাঁধটি ভেঙে গেছে। এলাকার মানুষ বাঁধটি রক্ষা করেছেন।”

সদর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের স্টেশন অফিসার খায়রুল আলম বলেন, “প্রায় আট ঘণ্টার চেষ্টায় বাঁধটি রক্ষা পেয়েছে। তবে ঝুঁকি রয়ে গেছে। বাঁধটিতে নজরদারি বাড়ানো হয়েছে।”

আরও পড়ুন:

বাঁধ ভেঙে ডুবছে 'দেখার হাওর', ধান রক্ষার লড়াই