Published : 14 May 2025, 07:38 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এ ছাড়া এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ।
মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- উপজেলার বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার প্রয়াত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) এবং নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।
১০ বছরের সাজা পাওয়া আসামির নাম আজগর আলী। আর খালাস পেয়েছেন জাহিদুল ইসলাম।
নিহত চালক জামান হোসেন (৪৫) উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।
পিপি আজাদ বলেন, ২০২০ সালের ২৮ মার্চ জামান বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হন। পরে ৩১ মার্চ সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জামানের ভাই জাকির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন বলে জানান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তাসহ নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।