Published : 25 Jun 2026, 10:13 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক আসামিকে থানা হেফাজতে মারধরের অভিযোগে এক এসআইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রায়পুরের আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের জারিকারক মো. মাসুদ।
তিনি বলেন, একটি মামলায় গ্রেপ্তার হওয়া শাওন নামের এক আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।
তখন শাওন অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত তাকে থানা হেফাজতে মারধর করেছেন।
এরপর আদালতের নির্দেশে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং চিকিৎসা প্রতিবেদন সংগ্রহ করা হয়।
পরে আদালত এসআই সুদীপ্ত নাথ দীপ্তর বিরুদ্ধে আইন অনুযায়ী এফআইআর নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন বলে জানান মো. মাসুদ।
এ বিষয়ে বক্তব্য নিতে এসআই সুদীপ্ত নাথ দীপ্তর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, “এসআই দীপ্তর বিরুদ্ধে এফআইআর নেওয়ার বিষয়ে আমি এখনো আদালতের কোনো নির্দেশনা পাইনি।”
মামলার এজাহার অনুযায়ী, ২৩ মে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা বাবুলের একটি অটোরিকশা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি শাওনের বিরুদ্ধে অভিযোগ দেন।
পরে ১৭ জুন মামলাটি রেকর্ড করে পুলিশ। একই দিন ভোরে রায়পুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এমদাদ উল্লাহ ও সোহাগ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।