২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-সন্তানসহ আটক ৪

মাদক সেবন করে ঘরে ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে অশোভন আচরণের এক পর্যায়ে ইলিয়াছকে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 07:10 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও সন্তানসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার দুপুরে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম।

নিহত মো. ইলিয়াছ (৪৮) ওই এলাকার বাসিন্দা। তিনি মাদকাসক্ত ছিলেন বলে দাবি পরিবারের।

আটকরা হলেন- ইলিয়াছের স্ত্রী কহিনুর বেগম (৪০), দুই ছেলে শাহ ফরান আসিফ (২০), সাখাওয়াত হোসেন রাকিব (১৮) ও পুত্রবধূ কামরুন্নাহার পান্না (১৮)।

স্থানীয়দের বরাতে ওসি নজরুল বলেন, “রোববার রাতে ইলিয়াছ মাদক সেবন করে ঘরে ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে অশোভন আচরণ করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সন্তানরা তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইলিয়াছ মারা যান।” 

খবর পেয়ে পুলিশ সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

ইলিয়াছের ভাই মো. ওমর ফারুক বলেন, “ইলিয়াছ প্রায় মাদক সেবন করে ঘরে ফিরে স্ত্রী ও ছেলেদের সঙ্গে ঝগড়া করতেন। রোববার রাতে সে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ফিরে স্ত্রী কহিনুর বেগমকে মারধর করেন। 

“এ সময় ইলিয়াছের সঙ্গে তার ছেলেদের ঝগড়া হয়। ভোররাতে ইলিয়াছকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।”

ওসি নজরুল ইসলাম বলেন, নিহতের বুক, পিঠ ও কানের নিচে ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানদের ছুরিকাঘাতে ইলিয়াছের মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় ইলিয়াছের দুই সন্তান এবং হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে স্ত্রী ও পুত্রবধূ আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।