২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উয়ারি-বটেশ্বর’ খ্যাত প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান মারা গেছেন

২০২০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 08:17 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

‘উয়ারি-বটেশ্বর’ খ্যাত প্রত্নতত্ত্ববিদ, লোকসাহিত্য সংগ্রাহক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক গবেষক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান মারা গেছেন। 

শনিবার ঈদের দিন বেলা সাড়ে ১১টায় নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রামের বাড়িতে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাঠানের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও পাঁচ নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাবিবুল্লা পাঠান দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত নানা রোগও ছিল তার। দেড় মাস আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তার ক্যানসারের চতুর্থ পর্যায় চলছিল। তাকে মুখে খাবার বা ওষুধ খাওয়ানো যাচ্ছিল না। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে আনা হয়। 

১৯৩৯ সালের ৭ ফেব্রুয়ারি বটেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুল্লা পাঠান। তার বাবা হানিফ পাঠান ও মা মেহেরুন্নেসা। হানিফ পাঠান ছিলেন একজন লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রবাদ সংগ্রহকারী হানিফ পাঠানই প্রথম প্রত্নস্থান উয়ারী-বটেশ্বরকে জনসমক্ষে তুলে ধরেন। 

বাবার হাত ধরে হাবিবুল্লাহ প্রত্নসংগ্রহ এবং গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন। ১৯৫৫ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি বাবাকে উয়ারী-বটেশ্বর প্রত্নস্থলের গবেষণায় সাহায্য করা শুরু করেন। তাদের প্রচেষ্টায় এ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপ করা হয় এবং এরই পরিপ্রেক্ষিতে ২০০০ সালে উয়ারী-বটেশ্বর খননেন কাজ শুরু হয়।

বাবা-ছেলে মিলে ‘বটেশ্বর প্রত্ন সংগ্রহশালা ও গ্রন্থাগার’ নামে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন। ওই জাদুঘরে তিন হাজার বছরের বিভিন্ন সরঞ্জাম ছাড়াও এ অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এ ছাড়া রয়েছে দুষ্প্রাপ্য বই, ঐতিহাসিক সাময়িকী ও স্মারক।

২০০৯ সালে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান বাংলা একাডেমির ফেলো নির্বাচিত হন। ২০১৩ সালে সূফী মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠান লিখিত ‘উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে’ নামক গবেষণাগ্রন্থটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার লাভ করে। ২০২০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

মুহাম্মদ হাবিবুল্লা পাঠান লিখেছেন ১৬টি বই। এগুলো হল- নরসিংদীর কবি সাহিত্যিক (১৯৮৬), নরসিংদীর লৌকিক খেলাধূলা (১৯৮৮), প্রত্নতাত্ত্বিক নিদর্শন: উয়ারী বটেশ্বর (১৯৮৯), বাংলাদেশের লোককাহিনী, প্রথম খণ্ড, নরসিংদী (১৯৯৬), বাংলাদেশের লোককাহিনী, দ্বিতীম খণ্ড, নেত্রকোনা (১৯৯৭), বাংলাদেশের লোককাহিনী, তৃতীয় খণ্ড, ব্রাহ্মণবাড়িয়া (১৯৯৮), নরসিংদী ও গাজীপুরের লোকঐতিহ্য বিবাহ ও মেয়েলী ছড়া-গীত (২০০০), বাংলাদেশের প্রাচীনতম বন্দর নগরী উয়ারী বটেশ্বর (২০০৫), বাংলাদেশের ভাটকবি ও কবিতা, প্রথম খণ্ড (২০১২), বাংলা প্রবাদে লোককাহিনী (২০১২), উয়ারী বটেশ্বর শেকড়ের সন্ধানে (২০১২), নরসিংদীর স্থান নাম উৎস ও বৈশিষ্ট্য সন্ধান (২০১৬), নরসিংদীর লোককবি (২০১৮), বাংলাদেশের লোকসাহিত্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ (২০২০), সেকালের মাসিক পত্রিকা সবুজপল্লী (২০২২) ও বাংলাদেশের ভাটকবি ও কবিতা, দ্বিতীয় খণ্ড (২০২২)।

মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের জানাজা শনিবার বাদ আসর বিকাল সাড়ে ৫টায় বটেশ্বর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।