রংপুরে ইটভাঙার গাড়িকে বাসের ধাক্কা, ২ শ্রমিক নিহত
পুলিশ জানায়, রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় ইটভাঙার গাড়িটিকে ধাক্কা দেয় একটি বাস।
রংপুরের মিঠাপুকুরে রাস্তার পার হওয়ার সময় ইটভাঙার গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ি এলাকায় ‘ড্রিম প্লাস’ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে উপজেলার বড় দারগাহ হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রশিদ জানান।
নিহতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট হলদি বাড়ির প্রয়াত আব্দুল মতিনের ছেলে হাছেন মিয়া (৪০) ও একই এলাকার প্রয়াত খোদা বকসের ছেলে মো. সেলিম (৪০)। নিহতরা ইট ভাঙার শ্রমিক বলে জানা গেছে।
আব্দুর রাশেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার রাস্তার পশ্চিম থেকে পূর্বপাশে যাওয়ার সময় ইটভাঙার গাড়িটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে রংপুরগামী সৌখিন পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই ইটভাঙার গাড়িতে থাকা দুই শ্রমিক নিহত হন।
এ ঘটনায় কোনো আহত নেই জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, “বাসটিকে আটক করা হয়েছে।”
