Published : 02 Jul 2026, 01:05 PM
সিলেটের জকিগঞ্জে ফুটবল বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে জকিগঞ্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
নিহত ২৮ বছর বয়সী আলম আহমদ লামারগ্রামের বাসিন্দা ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ৩২ বছর বয়সী পারভেজ আহমদ মোস্তকিন আলীর ছেলে। তিনি নিহত আলম আহমদের আপন চাচাতো ভাই।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, “ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলমকে ছুরিকাঘাত করে পারভেজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
“পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের খবরও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছ।