ফরিদপুরে ব্যবসায়ী ২ ভাইকে কুপিয়ে জখম
“দুটি মোটরসাইকেল থেকে তিন-চার ব্যক্তি গুলি করে। পরে আমাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”
ফরিদপুর সদর উপজেলায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে একদল লোক।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।
আহতরা হলেন- মুন্সিবাজার এলাকার রড-সিমেন্টের ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস। তারা আপন দুই ভাই।
আহত লিটন বিশ্বাস বলেন, “গেরদা সাহেব বাড়ির পাশে আমার বড় ভাই রাতে দাওয়াত খেতে গিয়েছিলেন। রাত বেশি হওয়াতে কোনো গাড়ি পাচ্ছিলেন না। পরে আমাকে মোটরসাইকেল নিয়ে যেতে ফোন দেন।
“আমি আর ভাই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। পথে দুটি মোটরসাইকেল থেকে তিন-চার ব্যক্তি গুলি করে। তখন আমরা রাস্তায় পড়ে যাই। পরে আমাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”
আহত দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
ওসি আসাদুজ্জামান বলেন, “পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।”
