ফরিদপুরে ‘স্বাধীনভাবে’ বসবাস করতে চাওয়া ব্যক্তিকে লাঠিপেটা
এর আগেও দুই দফা হামলা চালিয়ে ২০টি বাড়িঘর ভাঙচুর ও ‘লুটপাট’ করা হয়েছে।
ফরিদপুরের সালথায় গ্রামের কোনো পক্ষে যোগ না দিয়ে ‘স্বাধীনভাবে’ বসবাস করতে চাওয়া এক ব্যক্তিকে লাঠিপেটা করা হয়েছে।
শুক্রবার দুপুরে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মো. মিন্টু মুন্সী (৬৫) হামলার শিকার হন জানিয়ে থানার ওসি মো. আতাউর রহমান বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
আহতের স্বজনেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এদিন দুপুরের পর মসজিদ থেকে বাড়ি ফেরার পথে আজাদ মুন্সী ও সেলিম মুন্সীর নেতৃত্বে ৮/১০ জন লাঠিসোঁটা নিয়ে মিন্টু মুন্সীর ওপর অতর্কিতে হামলা চালান। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা দাবি করেন, কিছুদিন ধরে আজাদ ও সেলিমসহ গ্রামের কিছু লোকজন তাদের পক্ষে যোগ দেওয়ার জন্যে মিন্টু ও আরও কয়েকজনকে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ৮ এপ্রিল ও তার আগে ২৯ মার্চ দুই দফা হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর ও ‘লুটপাট’ করা হয়। আহত করা হয় কয়েকজনকে।
এ ঘটনার প্রতিবাদে ৯ এপ্রিল চর বাংরাইল গ্রামে ২০ পরিবার মানববন্ধন করে কোনো দল বা কারো পক্ষে যোগ না দিয়ে ‘স্বাধীনভাবে’ বসবাস করার আকুতি জানান।
মিন্টুর স্বজনেরা অভিযোগ করেন, মানববন্ধনের পর আজাদ মুন্সী, সেলিম মুন্সী ও তাদের পক্ষে লোকজন আরও ক্ষুব্ধ হন এবং আবার হামলার হুমকি দেন। শুক্রবার মিন্টুকে একা পেয়ে হামলা করে।
সালথা থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
