২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিসিকে চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ওসি বলেন, “সায়েম ওই এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে স্থানীয়দের ভাষ্য।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 12:02 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর অশোকতলা এলাকার বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। 

রাতে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান।

নিহত সায়েম (২২) সদর উপজেলার দিদার মার্কেট এলাকায় তার বাবা আমিনুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। আমিনুল পেশায় ব্যাটারিচালিত রিকশা চালক। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।

ওসি বলেন, “সায়েম ওই এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে স্থানীয়দের ভাষ্য। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।”

কারখানা কর্মীরা বলছেন, সায়েম ও তার সহযোগীরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাঝে মাঝেই চাঁদা আদায় করতেন। এছাড়া তিনি চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে অভিযোগ আছে। 

এদিন বিকাল ৪টার দিকে সায়েম জান্নাত ফুড ফ্যাক্টরিতে গেলে কারখানার লোকজন তাকে মারধর করে আটকে রাখে। পরে সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। 

সন্ধ্যার দিকে এলাকাবাসী জড়ো হয়ে সায়েমকে আবারো মারধর করে। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ সেখানে গেলে সায়েমের লোকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি শান্ত হলে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।