১৫৫ টাকার জন্য হত্যা: আসামির যাবজ্জীবন কারাদণ্ড
কথা কাটাকাটির এক পর্যায়ে নুর কাঠের বেলুনি দিয়ে রমজানের মাথায় আঘাত করেন।
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান।
দণ্ডিত নুর আমিন (৩০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা।
সাজার পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও ছয়মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
পিপি আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার রাজারামপুর মিস্ত্রিপাড়ার রমজান আলির খাবারের দোকানে নুর আমিনের কাছে পাওনা ১৫৫ টাকা ফেরত চান রমজান আলী। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নুর কাঠের বেলুনি দিয়ে রমজানের মাথায় আঘাত করেন।
পরে রমজানকে আহত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় রমজানের স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে স্বীকারোক্তিও দেন রমজান।
মামলাটি তদন্ত শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই মো. নাজমুল হক ২০২০ সালের ১৫ অগাস্ট আদালতে রমজানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
