কুমিল্লা-৬: ধানের শীষ পাননি ইয়াসিন, মহাসড়ক অবরোধে সমর্থকরা
এ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা।
কুমিল্লা-৬ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন। সোমবার এ আসনে বিএনপির মনোনয়ন পান বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
এর প্রতিবাদে সোমবার রাত ১১টার দিকে কুমিল্লার আলেখার চর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভে নামেন ইয়াসিনের সমর্থকরা। তারা মহাসড়কের দুই লেনেই টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাদের বিক্ষোভ চলে রাত ১২টা পর্যন্ত।
নিজেকে ইয়াসিনের সমর্থক পরিচয় দেওয়া সালমান আহমেদ নামে একজন বলেন, “আমরা ভেবেছিলাম ইয়াসিন ভাইকে নির্বাচনের জন্য মনোনীত করা হবে। কিন্তু তা হয় নি। তাই মহাসড়ক অবরোধ করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, কেন্দ্র বিষয়টি আবারও বিবেচনা করবেন।”
ইয়াসিন সমর্থক ছাত্রদলকর্মী ইয়াছিন নূর বলেন, “বিগত ১৬ বছর ইয়াসিন ভাই নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। আশা করি দল তাকে মূল্যায়ন করবে।”
এর আগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর ও লিবার্টি মোড়ে বিক্ষোভ করেন ইয়াসিনের সমর্থকরা।
