কোটা: খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সোমবার পর্যন্ত ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ নয় দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে কর্মসূচি শেষ করেছেন। শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ হয়েছে।
এর আগে শিক্ষার্থীরা নগরীর নতুন রাস্তা মোড়, শিববাড়ি মোড় ও জিরো পয়েন্ট এলাকায় অবরোধ করে কর্মসূচি পালন করেন।
কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই শিববাড়ি মোড় ও এর আশপাশের এলাকায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়।
দুপুর পৌনে ১২টার দিকে একটি বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে আসেন। সেখানে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। পরে তারা ওই মোড়ের চারটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে খুলনা মহানগরীর চার থানায় চারটি নাশকতার মামলা হয়েছে। এসব মামলার এজাহারে কারও নাম উল্লেখ না থাকলেও আসামি করা হয়েছে ২০০ থেকে ৪০০ জনকে। সোমবার পর্যন্ত ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
