ঈদের দুপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত
ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ঈদের দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে উপজেলার খিচা বান্ডারির মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম।
নিহতরা হলেন- নেত্রকোণার পূর্বধলা উপজেলার আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২০) এবং রীতি আক্তার (৮)। তবে রীতির ঠিকানা জানাতে পারেনি পুলিশ। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে নেত্রকোণা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা তারাকান্দার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়া মারা যায়।
গুরুতর আহত হয় আরও তিনজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু রীতাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে আনার পর রীতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুজন হাসপাতালে ভর্তি আছেন।
হাসপাতালে ভর্তি দুইজনের একজন রীতির বাবা ও অপরজন রীতির ভাই বলে জানান তিনি।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
