পিরোজপুরে চার ‘চোর’ গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার
গ্রেপ্তাররা দীর্ঘ দিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
পিরোজপুরে চার চোরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে পিরোজপুর সদর ও নেছারাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার বিকালে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান এক সংবাদ সম্মেলনে জানান।
গ্রেপ্তাররা হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের প্রয়াত কৃষ্ণ রায়ের ছেলে বাপ্পি ওরফে সুমন রায় (৩৮), নেছারাবাদ উপজেলার জিলবাড়ি গ্রামের আমির হোসেন এর ছেলে কামরুল (২৪), একই উপজেলার পশ্চিম বিন্না গ্রামের ফারুক হোসেনের ছেলে মেহেদি হাসান (৩৮) এবং যশোরের অভয়নগর থানার ভূগিলহাট গ্রামের সাহেব মুন্সির ছেলে মুন্না মুন্সি (২৪)।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান সংবাদ সম্মেলনে বলেন, “গত ২১ নভেম্বর পিরোজপুর পৌরসভার মুসলিম পাড়ায় একটি ভাড়া বাসার সামনে থেকে হাবিবুর রহমান নামে এক সংবাদকর্মীর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা।
এ ঘটনায় হাবিবুর রহমান পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দেন। পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোরদের চিহ্নিত করে।
পিরোজপুর সদর থানা পুলিশ সুমন রায়, মুন্না ও কামরুলকে গ্রেপ্তার করে।
এরপর তাদের দেওয়া তথ্যমতে নেছারাবাদ উপজেলার পশ্চিম বিন্না গ্রামে মেহেদি হাসানের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার চোরেরা দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত।
