২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: গোপালগঞ্জে উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১৭ শিশু হাসপাতালে ভর্তি

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তাদের ‘আইসোলেশন ওয়ার্ডে’ ভর্তি করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 04:57 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ১৭ শিশু ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তাদের ‘আইসোলেশন ওয়ার্ডে’ ভর্তি করা হয় বলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার বেলা ১টা পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডের ২০ বেডে মোট ১৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ১৮ জন ওয়ার্ডে এবং এক জন কেবিনে রয়েছে।

ডা. জীবিতেষ বলেন, “এ পর্যন্ত ৩৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে আটজনের রিপোর্ট পাওয়া গেছে; যেখানে ছয় শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

“আক্রান্ত শিশুরা বর্তমানে সুস্থ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।”

হাসপাতালে কথা হয় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি গ্রামের রহিমা খানমের সঙ্গে। তার নয় মাস বয়সী জান্নাতী ইসলাম চিকিৎসাধীন।

তিনি বলছিলেন, “আমার মেয়ের শরীরে জ্বর নিয়ে ৫ এপ্রিল সন্ধ্যায় হাসপাতালে আসি। ওই দিন রাত ২টার দিকে তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। ভর্তির পরের দিন মেয়ের শরীরে সামান্য দানা-দানা দেখা দেয়। পরে এটি লাল রঙ ধারণ করে বাড়তে থাকে ।

“টানা পাঁচদিনের চিকিৎসায় দানাগলো কমে গেছে। তবে এখন কাশি আছে। কাশি কমে গেলেই বাড়ি চলে যাব।”

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি সাত মাসের শিশু আরশি আক্তারের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে।

শিশুটির মা সোনালী বেগম বলছিলেন, মেয়ের জ্বর উঠলে ৬ এপ্রিল গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করেন। পরে মুখে লাল র‌্যাশ দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার পর ৮ এপ্রিল তাকে আড়াই’শ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

তিনি বলেন, “এখানে চিকিৎসায় মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং ভালো চিকিৎসা সেবা পাচ্ছে।”

এদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে বর্তমানে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে; যাদের ফলাফল এখনও পাওয়া যায়নি।

এসব তথ্য জানিয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, “আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে ভর্তি রোগীদের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।”