Published : 05 Dec 2025, 12:09 PM
ময়মনসিংহে তারাকান্দায় বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার ভোরে তারাকান্দা মধ্যবাজারে এ আগুনের সূত্রপাত হয়, পরে ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) লুৎফুর রহমান।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, কয়েল অথবা শর্টসার্কিট থেকে মধ্যবাজারে দ্বিতীয় গলিতে হেলাল মিয়ার জুতার দোকানে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে ব্যবসায়ীদের কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, “আগুনে সবকিছু পুড়ে ছাই হয়েছে। অনেক ব্যবসায়ীর পথে বসার উপক্রম হয়েছে। এমন ক্ষতি মেনে নেওয়ার নয়।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল বলেন, আগুনে তাদের জীবনের সব পুঁজি ও পণ্য পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন।
আরেক ব্যবসায়ী ফারুক মিয়া দাবি করেন, আগুনে পুড়ে ক্ষতি হওয়ার পাশাপাশি তার দোকান থেকে ৩ লাখ টাকার মালামাল লুটপাট করা হয়েছে।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, সহকারি কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীনসহ তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং বিধি মোতাবেক তাদেরকে সহযোগিতা করা হবে।
তবে দোকান লুটপাটের বিষয়টি তিনি অবগত না, যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।