২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘পাচারের’ জন্য জড়ো করা ৬৬ জনসহ পাঁচ ‘দালাল’ আটক

উদ্ধারদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং পাঁচ জন বাংলাদেশি। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 05:19 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে ‘মালয়েশিয়া পাচারের’ উদ্দেশ্যে জড়ো করা রোহিঙ্গাসহ ৬৬ জনকে উদ্ধার ও পাঁচ ‘দালাল’কে আটক করেছে পুলিশ।

রোববার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এ সময় আটকদের কাছ থেকে চারটি রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার আব্দু শুক্কুরের ছেলে মো. রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে সালেহ আহাম্মদ (৩৫) ও তার ভাই নুরুল কবির (২৭), একই এলাকার রশিদ আহাম্মদের ছেলে সৈয়দ আলম (২৪) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম ওরফে মো. শিপন (৩২)।

উদ্ধারদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং পাঁচ জন বাংলাদেশি। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে। রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

ওসি গিয়াস উদ্দিন বলেন, “রোববার ভোরে মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় জনৈক আব্দুল আমিনের বসতঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ। 

“পরে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা সম্ভব হয়। তাদের কাছ থেকে রাইফেলের গুলি, দেশীয় অস্ত্র পাওয়া যায়।”

ওসি আরও বলেন, “পরে ঘটনাস্থলে তল্লাশি করে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করা হয়।“

আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।