কুড়িগ্রামে গাঁজা সেবনের দায়ে তিন যুবকের ৬ মাসের কারাদণ্ড
তিনজনকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজা সেবনের সময় আটক তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত লিটনের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের চন্দন কুমার (২৮), আজোয়াটারী গ্রামের আতিকুর রহমান (২৮) এবং নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের কৃষ্ণচন্দ্র (২৭)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, মাদক সেবনের দায়ে তাদের সাজা দেওয়া হয়েছে। পরে তিনজনকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
