গাইবান্ধায় বৃষ্টির জমা পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
বাড়ির পাশে জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলার সময় তারা পানিতে পড়ে যায় বলে জানান স্বজনরা।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাড়ির পাশে জমিতে বৃষ্টির জমা পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পলাশবাড়ী থানার ওসি মো. জুলফিকার আলী ভুট্টো।
মৃত আবিদ (৭) ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং লাবিব (৬) আব্দুল আজিজ মিয়ার ছেলে।
লাবিব প্রায় দুই বছর ধরে মামার বাড়িতে থাকত। তার বাবা-মা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়ির পাশে নীচু জমি জলাশয়ে পরিণত হয়েছে। সকালে লাবিব ও আবিদ সেখানে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল।
দুপুরে তারা বাড়িতে না ফিরলে স্বজনরা খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ৩টার দিকে ওই জলাশয় থেকে তাদেরকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ওসি জুলফিকার আলী বলেন, ধারণা করা হচ্ছে, তারা ভেলা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
