Published : 09 Oct 2025, 05:12 PM
শেরপুর সদর উপজেলায় ফাঁদ দিয়ে বক শিকারের অভিযোগে এক তরুণকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার ধলাকান্দা গ্রামে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন বলে জানিয়েছেন শেরপুর প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যাবস্থাপনা বিভাগের রেঞ্জার মো. আল-আমিন।
সাজাপ্রাপ্ত উকিল মিয়া (১৯) ওই গ্রামের প্রয়াত সাহিদুল হকের ছেলে।
রেঞ্জার আল-আমিন বলেন, উকিল মিয়া বেশ কিছুদিন ধরে বাঁশ কেটে বিশেষ পদ্ধতিতে তৈরি ফাঁদ পেতে দেশীয় বক শিকার করছিলেন। এমন খবরে বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে ছয়টি মৃত বক ও শিকারের ফাঁদ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘনের দায়ে শিকারি উকিল মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষার বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনা করা হয় এবং পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।
ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”