ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারানো বাসে ৩ গাড়ির ধাক্কা, নিহত ৩
দুর্ঘটনার পর ময়মনসিংহ-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, বলছে পুলিশ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো বাসে আরও তিন গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগুন্দা এলাকার ময়মনসিংহ-শেরপুর সড়কে বাসের সঙ্গে অটোরিকশা, কর্ভাড ভ্যান ও লরির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য দিলেও পরে দুঃখপ্রকাশ করে বিকালে দুইজন নিহতের কথা বলেছেন।
নিহতরা হলেন- তারাকান্দা উপজেলা কাকনি ইউনিয়নের কানিহরি গ্রামের প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে মাওলানা আব্দুল কাদির হালিম (৪২) এবং ফুলপুর উপজেলার সেলিম মিয়ার ছেলে মো. নিশাদ (১৫)।
ওসি টিপু সুলতান বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ওই বাস ও অটোরিকশার কাছাকাছি থাকা আরেকটি অটোরিকশা, কভার্ড ভ্যান ও হ্যান্ডট্রলি ধাক্কা দেয়।
এতে দুইজন নিহত ও অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর ময়মনসিংহের সঙ্গে শেরপুর, হালুয়াঘাট ও ধোবাউড়ার সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি টিপু সুলতান।
