ভোটের দিনের আইনশৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তা নেই: শিল্প উপদেষ্টা
সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে। সবাই পরিবার-পরিজন নিয়ে, যারা ভোটার আছেন, একসঙ্গে গিয়ে ভোট দেবেন। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে বাংলাদেশে আগামী শত বছরের জন্য একটা দিক-নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে।”
শনিবার দুপুরে সিলেট নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাসস্ট্যান্ডের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং সমস্যা পর্যবেক্ষণ করেন।
আদিলুর রহমান বলেন, “রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা যে জুলাই সনদ আমাদের দিয়ে গেছে, সেটার পক্ষে জনগণের মতামত হবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে। সেটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে। তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়াটা হচ্ছে আরেকটা দিক। ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন অত্যন্ত ভালো হবে।”
এ সময় সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেটে সিটি কপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।
