মানিকগঞ্জে অসুস্থ স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে স্বামী
দ্বিতীয় বিয়েতে আপত্তি তোলার কারণে স্ত্রীকে হত্যা করেন বলে জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
মানিকগঞ্জের ঘিওরে অসুস্থ স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের এসপি মোছা. ইয়াছমিন খাতুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শুক্রবার মধ্যরাতে ঘিওর উপজেলার রাথুরা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেকেন্দার আলী ঘিওরের বানিয়াজুরির রাথুরা রাধানগর এলাকার প্রয়াত সামছুর রহমানের ছেলে।
আদালতে ওই ব্যক্তির দেওয়া জবানবন্দির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামির স্ত্রী লায়লা আরজু (৬০) দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, হাই প্রেসার, থাইরয়েড ও ব্রেস্ট ক্যানসার আক্রান্ত ছিলেন। সেকেন্দার আলীর চর্মরোগ থাকায় স্বামী-স্ত্রী আলাদা কক্ষে থাকতেন।
এ অবস্থায় সেকেন্দার দ্বিতীয় বিয়ে করতে চাইলে স্ত্রী এতে আপত্তি তোলেন।
এ নিয়ে বুধবার তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সেকেন্দার আলী স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেন। পরে ঘরে থাকা ছুরি এনে স্ত্রী লায়লা আরজুর গলায় কয়েকটা আঘাত করেন। এতে রক্ত বের হয়ে এলে ওড়না দিয়ে স্ত্রীর গলা বেঁধে বিছানায় রেখে বাজারে চলে যান সেকান্দা। পরে সেখানেই লায়লা আরজু মারা যান।
এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ভাই মাইনুল ইসলাম মুকুল বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন বলে এসপি মোছা. ইয়াসমিন খাতুন জানান।
যদিও তখন সেকান্দার প্রতিবেশিদের কাছে দাবি করেছিলেন, ঘটনার দিন সকাল ৭টার দিকে বাজার করার জন্য তিনি বাড়ি থেকে বের হন । পরে বাসায় ফিরে তার স্ত্রীর গলাকাটা মরদেহ খাটের উপর পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দেন।
