প্রয়োজনে আবারও রাজপথে নামব: সারজিস আলম
মঙ্গলবার নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তরুণ প্রজন্ম বৈষম্যহীন সুন্দর একটি বাংলাদেশ চায় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেছেন, “আবারও যদি প্রয়োজন হয় আমরা রাজপথে নামব, স্লোগান দেব, জীবন বাজি রাখব। প্রয়োজন হলে আবারও ফ্যাসিস্ট শেখ হাসিনার মত যেকোনো ফ্যাসিস্টকে রাজপথে থেকে দেশছাড়া করব। প্রয়োজন হলে চব্বিশের মতো আরও গণঅভ্যুত্থান ঘটাব।”
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, হাসিনার দোসররা অসংখ্য মানুষকে অন্যায়ভাবে জেলখানায় রেখেছিল, ডিবি অফিসে পাঠিয়েছিল। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে। আজকেও যদি কিছু মানুষ অন্য কোনো রূপে এইগুলো করে তাহলে তাও আমরা সমর্থন করি না।”
তিনি বলেন, “এই নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ জনগোষ্ঠীকে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে। এই নারায়ণগঞ্জে ফুটপাত থেকে শুরু করে গার্মেন্টস কিংবা মার্কেট থেকে শুরু করে অটোস্ট্যান্ডে যে চাঁদাবাজি চলে তা ছাত্ররা কোনোভাবে সমর্থন করে না। আমাদের এই অভ্যুত্থানের যে স্পিরিট তার সঙ্গে এইটা যায় না।”
ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার হবে জানিয়ে এই সমন্বয়ক বলেন, “তারা হোক পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনার দোসর; তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।”
এ সময় আরও বক্তব্য দেন সমন্বয়ক পরিষদের নেতা আব্দুল্লাহ সালেহীন অয়ন, সামিয়া মাসুদ মম, ইসমাঈল হোসেন রুদ্র, মুবাশ্বিরুজ্জামান মৃধা।
এর আগে সারজিস ও অন্য নেতারা নারায়ণগঞ্জে আন্দোলন চলাকালীন হতাহত স্বজনদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন তারা।
সমাবেশ চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিল।
