হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ
“লাশ দীর্ঘ সময় পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের চামড়া খসে পড়েছে।”
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিরাজের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন।
তিনি বলেন, সকালে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
আনুমানিক ৫০ বছর বয়সি ব্যক্তির পরনে হালকা গোলাপি রঙের ফুলহাতা শার্ট ও নীল-খয়েরি রঙের লুঙ্গি ছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি বলেন, “লাশ দীর্ঘ সময় পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের চামড়া খসে পড়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি কবির হোসেন।
