২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন

পারিবারিক মামলায় পরোয়ানা জারির পর আল আমিনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বরগুনা আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন
বরগুনা জেলা ও দায়রা জজ আদালত।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 09:55 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বরগুনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পারিবারিক মামলার এক আসামি পালিয়ে গেছেন।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বিচারকের আদেশ পাওয়ার পর কারাগারে নিয়ে যাওয়ার জন্য গাড়ির তোলার মুহূর্তে আসামি পালিয়ে যান বলে জানান আদালত পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান।

পালাতক মো. আল আমিন (৩০) সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেমুয়া গ্রামের মো. আলতাফ চৌকিদারের ছেলে।

মামলা থেকে জানা গেছে, ২০১৭ সালে ময়না আক্তার তার স্বামী আল আমিনের বিরুদ্ধে একটি পারিবারিক মামলা করেন। ২০১৮ সালে তার বিরুদ্ধে রায় দিয়ে আদেশ জারি করে আদালত। সেই মামলায় জামিন নেওয়ার পর থেকে আল আমিন পলাতক ছিলেন। এর মধ্যে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।

পুলিশ জানায়, শনিবার রাতে আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সকালে তাকে আদালতে তোলা হলে বিচারক শুনানি শেষ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “আদালতের আদেশের পর এসআই মো. আমিনুল তিনজন কনস্টেবলকে নিয়ে আল আমিনকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আদালত চত্বরে রাখা গাড়ির কাছে আসামি নিয়ে গেলে, কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান আল আমিন।”

২০১৮ সাল থেকে আল আমিনের আইনজীবী হিসেবে আছেন মো. আহসান হাবিব স্বপন। তিনি বলেন, “জামিনের পর আল আমিন দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালত থেকে আসামি পালিয়েছে এমন কথা শুনেছি।”

এ ঘটনায় পুলিশের অসতর্কতাকে দায়ী করে তিনি বলেন, আদালতের নির্দেশ মেনে আসামিকে নিলে এমন ঘটনা ঘটতো না।