বগুড়ায় যমুনার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি
পাউবো প্রকৌশলী বলেন, শুধু শহড়াবাড়ী নয়, কামালপুরেও যমুনা ভাঙছে।
বগুড়ায় যমুনা নদীতে ভাঙন বেড়েছে। পাঁচ দিনে ৯০০ মিটার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ধুনট উপজেলার শহড়াবাড়ী বন্যা নিয়ন্ত্রণ স্পার লাগোয়া উত্তর ও দক্ষিণ পাশে প্রতিদিনই আবাদি জমি ভাঙনের কবলে পড়েছে। ভাঙন আতঙ্কে রয়েছেন যমুনার পশ্চিম পাড়ের লোকজন।
শহড়াবাড়ী গ্রামের আফাজ উদ্দিন বলেন, “গত বছর বালু উত্তোলনের ফলে স্পারের উত্তর অংশের শত বিঘা জমি যমুনা গর্ভে নিমজ্জিত হয়। এ মৌসুমে বালু উত্তোলনের ফলে দক্ষিণ অংশে নুতন করে ভাঙন শুরু হয়েছে।”
শিমুলবাড়ী গ্রামের শফিকুল ইসলাম বলেন, “নদীর তীব্র স্রোতে শহড়াবাড়ী স্পারের দক্ষিণ পাশে ভাঙনের ফলে সেই স্রোত আঘাত হানছে দুই কিলোমিটার ভাটির শিমুলবাড়ী স্পারে। ফলে শিমুলবাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধও হুমকির মুখে পড়েছে।”
তিনি আরও বলেন, যত্রতত্র বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। বালু উত্তোলন বন্ধ না হলে ক্রমশ নদী ভাঙতে থাকবে। দ্রুত ভাঙন রোধে কাজ করা উচিত।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড-পাউবো বগুড়ার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, “শুধু শহড়াবাড়ী নয়, কামালপুরেও যমুনা ভাঙছে। আসলে জরুরি কাজের জন্য তেমন বরাদ্দ থাকে না। তবু যতটুকু সম্ভব ভাঙন ঠেকাতে কাজ করে যাচ্ছি।”
এদিকে বগুড়া অংশে বাঁধ মেরামত ও ভাঙন ঠেকাতে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান পাউবো প্রকৌশলী।
