দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত চালকের সহকারী
ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে বাস ধাক্কা দেয়, বলছে পুলিশ।
ঝিনাইদহে বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও পাঁচ জন।
মঙ্গলবার ভোরে নদর উপজেলার পাঁচমাইল এলাকার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান।
নিহত আলিমুল ট্রাক চালকের সহকারী ছিলেন বলে জানা গেছে।
আর আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধানবোঝাই ট্রাক বিকল হয়ে যায়। সেটি রাস্তায় পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলেন চালক ও তার সহকারী।
“সে সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। আহত হয় দুই গাড়ির চালক ও যাত্রীসহ পাঁচ জন।
এ সময় ট্রাক চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
ওসি মৃত্যুঞ্জয় বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং বাস ও ট্রাকটি আটক করে।
