মৌলভীবাজারে বন্যার্তদের উদ্ধার ও সহায়তা দিচ্ছে বিজিবি
তবে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ও পানিতে নিমজ্জিত থাকায় প্রত্যন্ত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না বলেও জানান বিজিবি কর্মকর্তা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্যার্তদের উদ্ধার ও শুকনো খাবার বিতরণ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রেখেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকালে বিজিবির পক্ষ থেকে উপজেলার শ্রীপুর, আদমপুরসহ বিভিন্ন গ্রামে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসীন চৌধুরী, বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন।
এর আগে বুধবার উপজেলার দুই শতাধিক বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার বলেন, “বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা বানভাসী মানুষদের উদ্ধার করার কাজ করছি৷ পাশাপাশি যারা আটকা পড়ছেন তাদেরকে শুকনো খাবার দিচ্ছি।
তবে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ও পানিতে নিমজ্জিত থাকায় প্রত্যন্ত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না বলেও জানান বিজিবি কর্মকর্তা।
একই সঙ্গে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন মেয়র বিএনপি নেতা মহসীন মিয়া মধু। তিনি জানান, হঠাৎ করে মৌলভীবাজার জেলায় এ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। তাই তাৎক্ষণিক তিনি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দিয়ে তিন হাজার প্যাকেট বিতরণ করেছেন। আরও সাত হাজার প্যাকেট প্রস্তুত হচ্ছে।
এ ছাড়া মৌলভীবাজার জামায়াতে ইসলামীও তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
