২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেলে দুদকের অভিযান

দুদক জানায়, অভিযানে তারা ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 05:48 PM

Updated : 01 Sep 2026, 09:04 PM

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার দুদকের সমন্বিত জেলা গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ছিলেন সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও উপ-সহকারী পরিচালক প্রান্তিক সাহা।  

বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাওয়ার পর দুদক ওই অভিযানে যায় বলে প্রতিষ্ঠানটির গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক বায়েজীদুর রহমান খান জানান। 

দুপুরে নিজ কার্যালয়ে বায়েজীদুর রহমান ওই অভিযান নিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন। 

এতে তিনি বলেন, দুদকের জরুরি নম্বর ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ওই অভিযান চালানো হয়। 

অভিযানে হাসপাতালে খাবার সরবরাহের টেন্ডার, আউটসোর্সিং নিয়োগের টেন্ডার, ওষুধ সরবরাহ এবং তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের মেয়াদ প্রায় শেষ হলেও নির্মাণ কাজ শেষ না হওয়া, অনুমোদন ছাড়াই আসবাবপত্র ক্রয়, অবকাঠামো নির্মাণের আগেই বেশি দামে যন্ত্রপাতি ক্রয়সহ নানা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদক কর্মকর্তা বায়েজীদুর রহমান জানান। 

তিনি আরও জানান, এদিনই অভিযানে পাওয়া সব তথ্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয়ের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।