২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন থেকে এখনো ভোটের সময় ঠিক করা হয়নি: সিইসি

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 04:11 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনি প্রস্তুতি নিলেও ভোটের সময় এখনো ঠিক করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

সিইসি বলেছেন, “নির্বাচন কমিশন থেকে এখনো নির্বাচনের সময় ঠিক করা হয়নি। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। 

“আর নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এই নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।” 

মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, “বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। তাই স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। 

“আশা করছি, মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে।”

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (ডাটাবেজ) মেজর মো. মামুনুর রশিদ।