২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৫ সালের ৭ নভেম্বর রাসেল শরীফ স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ করেন।

বরিশালে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 09:42 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

বরিশালে শারীরিক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান।  

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাসেল শরীফ (৩৫)। তিনি সদর উপজেলার বাসিন্দা। 

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৫ সালের ৭ নভেম্বর রাসেল শরীফ স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ করেন।   

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। এসআই সুজিত গোমস্তা আসামি রাসেলকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। বিচারক আটজনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন। 

বেঞ্চ সহকারী আরও জানান, বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও এক লাখ টাকা জরিমানা করেছেন। সেই টাকা কিশোরী পাবে। অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।