২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ডিবি হেফাজতে নারীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

একদিন আগে রাতে গাঁজাসহ ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

নরসিংদীতে ডিবি হেফাজতে নারীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

নরসিংদী সদর হাসপাতাল।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 10:42 PM

Updated : 18 Apr 2024, 05:56 PM

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের হেফাজতে এক নারী আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে বুধবার রাতে শহরের দক্ষিনকান্দা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মামলার আসামি বলে দাবি পুলিশের।

তবে মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা; সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মৃত নূরতাজ বেগম (৬০) পৌর শহরের দক্ষিনকান্দা পাড়া এলাকার প্রয়াত পিয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে এসআই নইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নূরতাজকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়।

রাত ৩টার দিকে নূরতাজ অসুস্থ বোধ করলে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে বুকে ব্যাথা অনুভবের কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা মো. পলাশ মোল্লা বলেন, এবডমিন পেইন নিয়ে রাতে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকালে বুকে ব্যাথা শুরুর এক পর্যায়ে তার মৃত্যু হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে; বলেন এ চিকিৎসক।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আইন অনুযায়ী নির্বাহী হাকিমের সামনে ওই নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় তদন্তে গঠিত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।