২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আগুনে পুড়ল দুই সুতার গুদাম ও এক দোকান

খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 11:01 AM

Updated : 26 Aug 2026, 01:22 PM

নরসিংদীর মাধবদী উপজেলায় আগুনে একটি মার্কেটের দুটি সুতার গুদাম এবং একটি দোকান পুড়ে গেছে।   

উপজেলার নরসিংদী-মদনগঞ্জ সড়কের কোতালিরচর এলাকার মাধবদী ফায়ার সার্ভিস কার্যালয় সংলগ্ন লুৎফর রহমান মার্কেটে রোববার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি বলে মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানিয়েছেন।   

তিনি বলেন, “সুতার গুদামে আগুন লেগে তা পাশের আরও একটি সুতার গুদামসহ অপর একটি ঝুটের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সুতা ও ঝুট পুড়ে ছাই হয়ে যায়।” 

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় মার্কেটের অন্য দোকানে আগুন ছড়াতে পারেনি বলে মো. রায়হানের ভাষ্য। 

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”