১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভৈরবে পৌর কর ৪০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

বক্তারা বলেন, সেবা নেই, অথচ ট্যাক্স বাড়ল ৪০ শতাংশ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 09:24 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

কিশোরগঞ্জের ভৈরবে পৌর কর ৪০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এনসিপি।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন দুর্জয় মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, সমাজকর্মী এন কে সোহেল, এনসিপির ভৈরব উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, ডালিয়া বেগম ও সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া। 

বক্তারা বলেন, সেবা না দিয়ে হঠাৎ শতকরা ৪০ ভাগ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নাগরিকদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনির্বাচিত প্রশাসকের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া অনুচিত। জনপ্রতিনিধি দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত স্থগিতের দাবি জানান তারা।

অবিলম্বে বর্ধিত পৌর কর প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

পৌর কর বৃদ্ধির ব্যাখ্যায় ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর হোল্ডিং ট্যাক্সের পুনর্মূল্যায়ন করতে হয়। চলতি বছর পাঁচ বছর পূর্ণ হওয়ায় সেই প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে। নোটিশ পাওয়ার পর নাগরিকদের আপত্তি জানানোর সুযোগ রয়েছে এবং শুনানির মাধ্যমে বিষয়গুলো পুনর্বিবেচনা করা হচ্ছে।”

পৌরসভায় অনেক হোল্ডিংয়ের তথ্য ও কর নির্ধারণে অসঙ্গতি সংশোধন করতেই পুনর্মূল্যায়ন করা হচ্ছে বলে জানান তিনি।