২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে রাতের আঁধারে আওয়ামী লীগ নেতার বাড়িতে ‘বোমা নিক্ষেপ’

নিচতলায় দুটি ও দুতলার জানালা লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে  বলে বাড়ির বাসিন্দারা জানান।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 06:41 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মারুফ হোসেন খোকনের বাড়িতে রাতের আঁধারে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে খোকনের পরিবারের সদস্যরা দাবি করছেন।

মারুফ হোসেন খোকন মুক্তিযুদ্ধের সংগঠক, তৎকালীন গণপরিষদ সদস্য, জাসদ নেতা মোশারফ হোসেনের ছেলে। তার বোন রওশন আরা সাথী সাবেক সংসদ সদস্য।

খোকন বলেন, “রাত ২টার দিকে তিনটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তখন সবাই ঘুমিয়ে ছিলাম। আতঙ্কিত হয়ে জেগে দেখি, বিস্ফোরণের ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে আছে।”

তার ধারণা, ১৫ অগাস্ট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানোর কারণে এ হামলা হতে পারে।

খোকনের পরিবারের সদস্যরা বলেন, নৈশপ্রহরীরা তাদের জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে আসা চারজন বাড়িটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। হেলমেট পরা ও মুখ বাঁধা থাকায় তাদের চেনা যায়নি। 

বাড়ির নিচতলায় দুটি ও দুতলার জানালা লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

ঘুমন্ত অবস্থায় বোমার বিকট শব্দে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। 

সকালে বাড়ির বাসিন্দারা বিস্ফোরিত বোমার টুকরো টুকরো অংশ দেখতে পান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

এ ঘটনায় পরিবারের সদস্য হাসানুজ্জামান যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে টহল পুলিশ পাঠানো হয়েছে। 

তবে সাধারণ ডায়েরির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ওসি আব্দুর রাজ্জাক।