২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হাসিনাসহ ৫৩২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকও আসামিদের তালিকায় আছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 11:06 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৩২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। 

বগুড়া শহরতলির আকাশতারা উত্তরপাড়া গ্রামের জেল্লাল ফকিরের ছেলে আবদুল মজিদ শুক্রবার মধ্যরাতে মামলাটি করেন বলে শনিবার সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান।

দলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও মামলার আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টির সভাপতিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আছেন আরো ৪০০ জন।     

বাদী আবদুল মজিদ এজাহারে উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ জুলাই অন্য আসামিরা শহরের কাঁঠালতলা এলাকায় আগ্নেয়াস্ত্র, হাত বোমা ও পেট্রল বোমা নিয়ে হামলা চালান। 

এতে বাদী মারাত্মক আহত হন ও তার চোখ জখম হয়। 

তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কারণে মামলা করতে তার বিলম্ব হয়।