২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে আবারও কোটি টাকার চোরাই পণ্য জব্দ

“সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 09:09 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৭৫ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি।

রোববার দুপুরে সিলেট ব্যাটালিয়নের ৪৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আগের দিন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সিলেট-৪৮ ব্যাটালিয়নের গোয়াইনঘাটের তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেন্সিডিল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন, শিং মাছ ও চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল আটক করে।

আটক পণ্যের বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৩২০ টাকা বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান।  

তিনি বলেন, “ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।”

আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।