রাকসু: শিবিরের পরিচিতি সভার খাবার ফেরত
“আমরা চাই সবার জন্য সমান সুযোগ থাকুক এবং নির্বাচন আচরণবিধির মধ্যে থেকে সবাই প্রচারণা চালাক," বলেন প্রধান নির্বাচন কমিশনার।
আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের পরিচিতি সভায় আনা ২০০ প্যাকেট খাবার ফেরত পাঠিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ও খালেদা জিয়া হলের ‘প্রজেকশন মিটিংয়ে’ (পরিচিতি সভায়) বিতরণের জন্য এসব খাবার এনেছিল শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ আনা হয়েছিল। পরে নির্বাচন কমিশন হল ফটকে গিয়ে তা ফেরত পাঠায়।
তবে ছাত্রশিবিরের দাবি রাকসুর আচরণবিধিতে খাবার বিতরণ ও ব্যয়সীমা বলা নেই। যেকারণে আচরণবিধি ভাঙেনি তারা।
এদিকে পরিচিতি সভায় অসহযোগিতার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে গিয়ে মৌখিক অভিযোগ জানিয়েছে এ সংগঠনের সমর্থিত প্যানেলের প্রার্থী ও নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল খালেদা জিয়া ও মন্নুজান হলে পরিচিতি সভার আয়োজন করে। খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের বসার জন্য বাইরে থেকে চেয়ার ভাড়া করা হয়। তবে হল প্রশাসন তাদের হলের ভেতরের চেয়ার-টেবিল দিয়েই কার্যক্রম চালাতে বলে। পরে রাত পৌনে ৮টার দিকে উপস্থিত শিক্ষার্থীদের জন্য টেস্টি ট্রিট থেকে খাবার (স্ন্যান্ডউইচ ও চকলেট) আনা প্যানেলটির তরফে।
এ সময় হল ফটকে উপস্থিত হয়ে তাদের খাবার ভেতরে নিতে বাধা দেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোস্তফা কামাল আকন্দসহ অন্যান্যরা।
পরে তাদের পাঁচ বস্তা খাবার ফেরত পাঠানোর কথা বলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল।
এ বিষয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল বলেন, আচরণবিধিতে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় সীমা বলা নেই। তার মানে সক্ষমতার আলোকে সর্বোচ্চ খরচ করার সুযোগ রয়েছে।
“একজন নির্বাচন কমিশনার আমাদের প্রার্থীকে প্রশ্ন করেছেন, 'তোমার টাকার উৎস কী?' আমরা মনে করি, নির্বাচন কমিশনার স্যার এমন প্রশ্ন করার এখতিয়ার রাখেন না। আর নাস্তা বিতরণতো শুধু আমরা না অনেক প্রার্থীই করেছেন। তাদের বেলায় নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।"
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল বলেন, “তারা আচরণবিধি লঙ্ঘন করেছে। হাতেনাতে ধরার পর আমরা তাদের সতর্ক করেছি। আমরা কোনো ভ্রাম্যমাণ আদালত না যে শাস্তি দেব। তবে আমাদের দায়িত্বের অংশ হিসেবে খাবারগুলো বাজেয়াপ্ত করেছি।"
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, "আমরা মনোনয়নপত্র সংগ্রহের ফি ১ হাজার থেকে ২০০ টাকা করেছিলাম কী জন্য? ছাত্রদের (প্রার্থীদের) যাতে কম খরচ হয় এজন্য আমরা কমিয়েছিলাম। এখন এত এত খরচ করা হলেতো বিষয়টা পরস্পর বিরোধী হয়ে যাবে।
“প্রজেকশন মিটিং মানে পরিচিতি সভা। পরিচিতি সভা মানেতো এই না যে নাস্তা দিতে হবে। এখন কেউ এটা (খাবার বিতরণ) করতে পারবে না। নাস্তাতো নির্বাচনের অংশ না। আচরণবিধিতে খাবার বিতরণের বিষয়ে কিছু লেখা নাই। কিন্তু কিছু ইমপ্লাইড (অন্তর্নিহিত) অর্থতো বুঝতে হয়। আচরণবিধিতে টাকা বিতরণের বিষয়েও কোনো কিছু লেখা নাই। কিন্তু এটা কি করা যাবে? যাবে না।”
তিনি বলেন, "স্বতন্ত্র প্রার্থীরা হয়তো পরিচিতি সভা করে এভাবে খাবার দেওয়ার সামর্থ্য রাখে না। কিন্তু জোটবদ্ধ প্রার্থীরা সেটা পারছে। এতে প্রার্থীদের মধ্যে একটি বৈষম্য তৈরি হচ্ছে। আমরা চাই সবার জন্য সমান সুযোগ থাকুক এবং নির্বাচন আচরণবিধির মধ্যে থেকে সবাই প্রচারণা চালাক।"
