যুক্তরাষ্ট্রে ফোবানার দুই গ্রুপের আলাদা সম্মেলন শুরু
শুক্রবার লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতে আলাদা সম্মেলন শুরু করেছে দুটি গ্রুপ, ফোবানার ব্যানারে কানাডার মন্ট্রিয়লে আরেকটি সম্মেলন শনিবার শুরু হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে একইদিনে লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতে আলাদা সম্মেলন শুরু করেছে প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার’ (ফোবানা) দুটি গ্রুপ।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস একটি গ্রুপের তিনদিনের ৩৬তম সম্মেলন শুরু হয় ‘আমরা করবো জয়’ স্লোগানে।
‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন্স অব গ্রেটার লস অ্যাঞ্জেলেস’ আয়োজিত এ সম্মেলন উৎসর্গ করা হয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে এবং এ উপলক্ষে কনভেনশেন সেন্টারে স্থাপন করা হয় ‘বঙ্গবন্ধু কর্নার’।
ঢাকা থেকে ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
এতে উপস্থিত ছিলেন লায়লা হাসান, ভাস্বর বন্দোপাধ্যায়, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, রহিম র্যা নিহাল, ফোবানার সাবেক চেয়ারপারসন বেদারুল ইসলাম বাবলা ও জাকারিয়া চৌধুরী, ফোবানার বর্তমান চেয়ারপারসন আতিকুর রহমান, নির্বাহী সচিব রফিক খান, অভিনেত্রী তারিন জাহান, আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট জাহিদ হোসেন, কনভেনর আবুল ইব্রাহিম, সদস্য সচিব সৈয়দ এম হোসেন ও প্রধান সমন্বয়কারি কাজী মশহুরুল হুদা।
একইদিনে ফোবানার অপর অংশের সম্মেলন শুরু হয়েছে ইলিনয় স্টেটের শিকাগো শহরে।
ফোবানার এ অংশের সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপারসন রেহান রেজা।উপস্থিত ছিলেন নির্বাহী সচিব মাসুদ রব চৌধুরী, জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ এবং নিউ ইয়র্ক বইমেলার সাবেক আহ্বায়ক গোলাম ফারুক ভূইয়া।
এদিকে ফোবানার ব্যানারে কানাডার মন্ট্রিয়লে আরেকটি সম্মেলন শনিবার শুরু হওয়ার কথা রয়েছে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!
