বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নিউ ইয়র্কে সেমিনার
এতে মূল বক্তা ছিলেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা দলের প্রধান অর্থনীতিবিদ নজরুল ইসলাম।
যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন’ শিরোনামে সেমিনার করেছে প্রবাসী সংগঠন ‘প্রগ্রেসিভ ফোরাম’।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এ আয়োজন করেন তারা।
আয়োজন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আকতারুল ইসলামের সভাপতিত্বে এতে মূল বক্তা ছিলেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা দলের প্রধান অর্থনীতিবিদ নজরুল ইসলাম।
তিনি বলেন, “বাংলাদেশের নির্বাচন এলেই নানা অভিযোগ উঠে। ভোট কারচুপি থেকে শুরু করে অর্থের বিনিময়ে মনোনয়ন লাভ, ভোটারকে অর্থ দিয়ে সম্ভব না হলে পেশীশক্তির প্রভাব অথবা জালিয়াতির মাধ্যমে ফলাফল নিজের অনুকূলে নেওয়া ইত্যাদি কথা উঠে। এ অবস্থার বিকল্প হিসেবে আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এমন ব্যবস্থা এখন গণতান্ত্রিক বিশ্বের বহুদেশে প্রচলিত রয়েছে।”
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রানা ফেরদৌস চৌধুরী, জাকির হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা রেজাউল বারি, আমির আলী, রেজাউল করিম ও নাসিরউদ্দিন।
