১৩ বছরে হয়নি কমিটি, যুক্তরাষ্ট্রে বিক্ষুব্ধ বিএনপির সভা
আন্তর্জাতিক মহলে ‘লবিং চালাতে’ যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দরকার বলে মত দেন নেতা-কর্মীরা।
১৩ বছর ধরে কমিটি না পাওয়া যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মতবিনিময় সভা করেছেন।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে বিএনপির রাজনৈতিক কর্মসূচির সমর্থনে মার্কিন কংগ্রেস-সহ আন্তর্জাতিক মহলে ‘লবিং চালাতে’ যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দরকার বলে মত দেন নেতা-কর্মীরা।
এতে সভাপতিত্ব করেন বিলুপ্ত কমিটির ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। সঞ্চালনা করেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন কমিটির সদস্য-সচিব মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া।
তারা জানান, লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত স্টেট ও সিটিগুলোতে বিএনপির কমিটির অনুমোদন দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ ১৩ বছর ধরে কমিটি নেই যুক্তরাষ্ট্র বিএনপির। এ নিয়ে হাই কমান্ড থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কমিটির কোন খবর নেই।
বর্তমানে ৩-৪ উপদলে বিভক্ত হয়ে কর্মকাণ্ড চালাচ্ছে বিলুপ্ত যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা। মতবিনিময় সভায় দেলোয়ার-আকতার হোসেন বাদলের নেতৃত্বাধীন গ্রুপটি ছাড়া বাকি গ্রুপগুলো অংশ নেয়।
