জেনিভায় ১৫ ও ২১ অগাস্টের নিহতদের স্মরণ
জেনিভার জাতিসংঘ মহল্লার একটি হলে আয়োজিত ওই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের উপ-রাষ্ট্রদূত সঞ্চিতা হক।
একুশে অগাস্ট গ্রেনেড হামলা নিহতের পাশাপাশি সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে সুইজারল্যান্ডের জেনিভায়।
স্থানীয় সময় রোববার সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় ওই দুই শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে এক আলোচনা অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করা হয়।
জেনিভার জাতিসংঘ মহল্লার একটি হলে আয়োজিত ওই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের উপ-রাষ্ট্রদূত সঞ্চিতা হক।
শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের পর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও উপস্থিত নেতারা।
কোরআন তেলাওয়াত করেন আবু বকর মোল্লা, গীতা পাঠ করেন অশোক কুমার সরকার রবি এবং ত্রিপিটক পাঠ করেন সমিরন বড়ুয়া যীশু।
আলোচনায় উপ-রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, “গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, ও শোষণহীন সমাজগঠনের চেতনায় ৭১ এ বাঙালি জাতি যুদ্ধ করেছিল। আর বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশ থেকে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু আজ সেই ধ্রুবসত্যই আমাদের সামনে রয়েছে যে বঙ্গবন্ধুর দেওয়া সে চেতনা বাঙালি জাতি বুকে ধারণ করে- এ চেতনা অক্ষয়।”
তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ অগাস্টের ঘাতকদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।”
সভাপতি জমাদার নজরুল ইসলাম জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের পিছনে থাকা পরিকল্পনাকারী ও সুবিধাভোগকারী সকলকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সেইসাথে বিদেশে পলাতক সাজাপ্রাপ্তদের দ্রুত দেশে এনে সাজা কার্যকর করার দাবি জানান।
সাধারণ সম্পাদক শ্যামল খান বৈশ্বিক অস্থিরতাকে পুঁজি করে দেশে ও প্রবাসে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ও অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মাসুম খান দুলাল।
আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ ব্যাপারী, সাবেক উপদেষ্টা ইমরান খান মুরাদ, অমি রহমান পিয়াল, ইসরাক আহমেদ নিপুন, আশরাফুল আলম লিটন, কাজী আসাদুজ্জামান, সাবেক সহ সভাপতি জাহানারা বাসার, মোর্শেদ গোলাম, মশিউর রহমান সুমন, জামাল উদ্দীন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদ জসিম প্রমুখ।
সুইজারল্যান্ড ও ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর গুণগ্রাহীরা সপরিবারে এ অনুষ্ঠানে অংশ নেন।
আবু বকর মোল্লার পরিচালনায় দোয়া ও মোনাজাতের পর অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান।
