লন্ডনে প্রবাসীদের সম্মেলনে ‘রাষ্ট্র সংস্কারের’ ডাক
এ সম্মেলনের আয়োজন করে প্রবাসীদের নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে ‘রাষ্ট্র সংস্কারে’ অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা।
সোমবার লন্ডনের একটি হোটেলে প্রবাসীদের নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত সম্মেলনে এসব কথা জানান বক্তারা।
‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শিরোনামে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার বাংলাদেশি বংশোদ্ভূত সাইফউদ্দিন খালেদ।
ওয়াদুদ আনসারীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।
বক্তারা বলেন, “দেশে প্রবাসীদের সহায় সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে লাগসই পদক্ষেপ নিতে হবে। পাওয়ার অব অ্যাটর্নি জটিলতা নিরসন ও এনআইডি কার্ড পাওয়া সহজ করতে সরকারের উদ্যোগ চাই। আর্থিক খাতে লুটপাটকারী ও বিদেশে অর্থপাচারকারীদের ব্যাপারে দলমত নির্বিশেষে আইনি পদক্ষেপ চাই।”
তাদের অন্যান্য দাবিগুলো হলো: ‘বিমানের নৈরাজ্য বন্ধ করা, অনলাইন টিকেট জটিলতা নিরসন, দ্রুত বিচার নিষ্পত্তি করতে প্রবাসীদের জন্য বিশেষ প্রবাসী ট্রাইবুনাল গঠন, বিদেশে বাংলাদেশের রাজনীতি সীমিত অথবা নিষিদ্ধকরণ, মিশনগুলোতে দল নিরপেক্ষ কূটনীতিক নিয়োগ, রেমিটেন্স প্রেরণকারীদের জন্য বিশেষ সঞ্চয় স্কিম, প্রশাসনের আইনের শাসন, রাজনৈতিক নেতৃত্বে অসৎ মানুষদের নিষিদ্ধকরণ।’
অনুষ্ঠানে ২০২৩ সালে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ কার্যক্রমে অবদান রাখার জন্য লন্ডন-প্রবাসী আবুল হোসেনকে সম্মাননা দেওয়া হয়।
বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন আতাউর রহমান, সেরওয়ান চৌধুরী, সয়ফুল আলম, পারভেজ আহমদ, আয়াস মিয়া, সাবিনা আখতার, আহবাব হোসেন, শহীদ আলী, মাহমুদ হাসান, মুহিবুর রহমান, আনোয়ার আহমদ, রফিক হায়দার, আব্দুল ওয়াদুদ মুকুল, জাকি রিজওয়ানা আনোয়ার, সেলিম আহমদ, রহমত আলী, কুতুব উদ্দীন শিকদার, নুরুজ্জামান, নুরুল আমিন, ফরহাদ আহমদ, হেলাল রহমান, শফিকুল ইসলাম, আফজল হোসেন, কামরুল হাই রাসেল, রেজাউল করিম মৃধা, ফখর উদ্দীন চৌধুরী ও কাজী খালেদ।
