২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় হয়ে গেলো ‘২৭তম এশিয়ান এক্সপো’

মেলা উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান।

ফ্লোরিডায় হয়ে গেলো ‘২৭তম এশিয়ান এক্সপো’

মঞ্চে অতিথিদের সঙ্গে আয়োজক কমিটির কর্মকর্তারা

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2023, 03:25 PM

Updated : 06 Mar 2023, 03:25 PM

এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক বাড়াতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়ে গেলো দুই দিনব্যাপী ‘২৭তম এশিয়ান এক্সপো’।

স্থানীয় সময় শনিবার বিকেলে সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান।

টিপু মুনশি বলেন, “বহুজাতিক এ মার্কিন সমাজে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য উপস্থাপনের প্রয়াসে নিয়োজিতদের ধন্যবাদ জানাচ্ছি এবং এর ধারাবাহিকতায় প্রবাস প্রজন্মেও তা বিকশিত হবে এ প্রত্যাশা করছি।”

উৎসব থেকে সম্মাননা দেওয়া হয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্টেট সিনেটর শেখ রহমান, নিউ ইয়র্কের সমাজকর্মী মোহাম্মদ ফজলুল হক ও সায়েরা হককে।

এশিয়ার দেশগুলোর মধ্যে ইতিহাস-ঐতিহ্যনির্ভর গীতি-আলেখ্য পরিবেশনের পাশাপাশি খাদ্য-পোশাকের প্রদর্শনী হয়। চিত্রা সুলতানার নির্দেশনা ও পরিচালনায় নতুন প্রজন্মের ১০০ শিল্পীর সমন্বয়ে অনুষ্ঠিত হয় নৃত্যালেখ্য। অংশ নেন দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, কনিকা কাপুর, অভিনন্দ সরকার, অভিজিৎ শওকান্ত, অনীমা ডি কস্টা, খোদাবক্স, টনি ডায়েস ও প্রিয়া ডায়েস।

Image

এশিয়ান এক্সপোর সম্মাননা নিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

উৎসবে উপস্থিত ছিলেন পামবিচ কাউন্টির মেয়র ও কমিশনার গ্রেগ কে ওয়েস, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিপ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১-এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মোহাম্মদ ফজলুল হক, জুনায়েদ আকতার, ফোবানার চেয়ারপারসন আতিকুর রহমান, দিনাজ খান, এক্সপোর উপদেষ্টা মুজিবউদ্দিন, মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, তামান্না আহমেদ, মায়শা আহমেদ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ, আয়োজক কমিটির আহ্বায়ক নুরুদ্দিন শেখ, চেয়ারম্যান সঞ্জয় সাহা, আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার প্রেসিডেন্ট এম রহমান জহীর ও উৎসব কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল।

আগামী বছর মার্চে ‘২৮তম এশিয়ান এক্সপো’ ওয়েস্ট পামবিচে অনুষ্ঠানের  ঘোষণা দেওয়া হয় উৎসব থেকে।